পল্লবী সরকারি কলেজে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
ঢাকা( নিজস্ব প্রতিবেদক) উৎসবমুখর পরিবেশে পল্লবী সরকারি কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক সাফজয়ী অধিনায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিতর্কসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শতাধিক শিক্ষার্থী।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন,
“আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ, বিজ্ঞানমুখী শিক্ষা গ্রহণ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে—এটাই হবে তোমাদের প্রকৃত সাফল্য।”
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই ভবিষ্যতে সফলতার পথ তৈরি করবে।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজ ক্যাম্পাসে নবীনদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ।