বশির আলম , টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে টঙ্গীতে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
জনসভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি সালাউদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব-পশ্চিম থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শুক্কুরসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জনসভায় বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, “গাজীপুরে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সকল অপশক্তির বিরুদ্ধে গাজীপুরবাসী জবাব দেবে ইনশাআল্লাহ।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোটের মাঠে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সব ধরনের ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে হবে এবং ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
নির্বাচিত হলে টঙ্গীর দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, টঙ্গী ট্রাক স্ট্যান্ডের নির্ধারিত সমস্যা সমাধান, টঙ্গী বাজার ব্রিজের জট নিরসন এবং মেট্রোরেলের টঙ্গী অংশে সংযুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জনসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।