নিজস্ব প্রতিবেদক | টঙ্গী (গাজীপুর)
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা খলিল মার্কেট এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীসহ একই পরিবারের একাধিক সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জেরিন সুলতানা প্রভা (২৫), পিতা মোঃ হাবিবুর রহমান, সাং- মুদাফা খলিল মার্কেট, ওয়ার্ড নং-৫২, টঙ্গী পশ্চিম, গাজীপুর। তিনি টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রতিবেশী মোঃ মজিবর রহমান (৫৫) ও তার পরিবারের সদস্যসহ মোট ৭ জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হয়রানি, গালিগালাজ ও হুমকির অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় জেরিন সুলতানা প্রভাকে ইট ও বাঁশ দিয়ে আঘাত করা হয় এবং এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকারে এগিয়ে এলে তার ভাই তামজিদ হোসেন বিজয়, তানভীর, বাবা হাবিবুর রহমান এবং মা বিলকিছ বেগমকেও অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় হামলাকারীরা জোরপূর্বক জেরিনের কাছ থেকে প্রায় ৮ আনা ৩ রতি ওজনের স্বর্ণালংকার এবং তার বাবার দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জেরিন সুলতানা প্রভার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।