স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
সোমবার অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষভাবে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ ও যোগ্য কর্মী দক্ষিণ কোরিয়ায় প্রেরণের লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়।
সভায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক ইপিএস কর্মসূচিকে আরও গতিশীল, কার্যকর ও সম্প্রসারণের লক্ষ্যে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালকের সার্বিক দিকনির্দেশনা এবং অব্যাহত সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের দক্ষিণ কোরিয়া সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরকালে কোরিয়া সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সভা আয়োজনের ক্ষেত্রে এইচআরডি কোরিয়ার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালক বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানান এবং ইপিএস কর্মসূচির সফল বাস্তবায়ন, বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী প্রেরণ এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উভয় পক্ষই দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ইপিএস কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।