বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
আল জাজিরার ‘জুলাই ৩৬’ শীর্ষক অনুসন্ধানমূলক ডকুমেন্টারিতে উঠে এসেছে আন্দোলনের সময়কার রাজপথের একটি দৃশ্য। ওই দৃশ্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিতে দেখা যায়।
ডকুমেন্টারির সংশ্লিষ্ট অংশে দেখা যায়, আন্দোলনের সময় পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে রাজপথে অবস্থান করছেন। ব্যানারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ও ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’সহ বিভিন্ন দাবি লেখা ছিল।
পাপ্পুর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, বিএনপির দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময়ে তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। মামলা, হামলা, গ্রেপ্তার ও হয়রানির মধ্যেও তিনি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পাপ্পু ও তার পরিবারের ওপর বিভিন্ন সময় চাপ ও হয়রানি এসেছে বলেও তার অনুসারীরা দাবি করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলনে কোনো নেতার মাঠপর্যায়ের ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট নথি ও আইনগত তথ্য যাচাই করে দেখা প্রয়োজন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ডকুমেন্টারির দৃশ্যটি নিয়ে পাপ্পুর অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তারা বলছেন, দুঃসময়ে রাজপথে থাকা নেতা-কর্মীদের ভূমিকা ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে থাকবে।
ডকুমেন্টারিতে পাপ্পুর নেতৃত্বে মিছিলের দৃশ্যটি ২ মিনিট ২৪ সেকেন্ডের দিকে দেখা যায় বলে তার অনুসারীরা জানিয়েছেন।
তাদের ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও আন্দোলন-সংগ্রামের সময়কার ভূমিকা ও ত্যাগের ইতিহাস সহজে মুছে যায় না।