টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় নাগরিক সমস্যা ও এর সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার, মাদক প্রতিরোধ, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, খেলার মাঠ রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজী পেয়ার আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন। সভার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার তাহেরুল হক চৌহান।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, এলাকার নাগরিক সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ড্রেন ও খাল দখল-দূষণ বন্ধ, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, মাদক প্রতিরোধ এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে। এলাকার সমস্যা চিহ্নিত করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা তাদের নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার ও উন্নয়ন, হাজী পেয়ার আলী স্কুলে বহুতল ভবন নির্মাণ, কবরস্থান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, নাগরিক সমস্যা সমাধানে শুধু প্রশাসনের ওপর নির্ভরশীল হলে চলবে না। এলাকার বাসিন্দাদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, ড্রেন-খাল দখল ও দূষণ না করা এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা সরাসরি প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় এম. মঞ্জুরুল করিম রনি জনগণের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।
মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান টিপু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জামির হোসেন, কাবিল মন্ডল, নাইম, বুলবুল, অঙ্গন, রাজু মৃধা, আলম হোসেন ও রিপন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয় নাগরিকদের সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের সমন্বয় বাড়ানো গেলে এলাকার দীর্ঘদিনের অনেক সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব। এ জন্য ধারাবাহিকভাবে এমন মতবিনিময় সভা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।