
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঘোড়াশাল–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান দিপু, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামের আমির নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু ইউসুফ, ৪৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ইমরান হোসেন, এনসিপি নেতা তুষার, আশিক, আরিফ হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের বিচার না হওয়া জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করছে। অবিলম্বে হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে জাতি এই সরকারকে কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ ও প্রতিবাদের প্রতীক। অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না এবং বীর বাঙালি কখনোই এই হত্যাকাণ্ড ভুলে যাবে না।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা জানান, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply