
এস এম সালমান হৃদয়, বগুড়া:
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামীণ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ টুকু মিয়া বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টুকু মিয়ার পৈত্রিক সম্পত্তির প্রায় ৫ শতক জমির মধ্যে সড়ক প্রশস্তকরণের জন্য সরকার ১ শতক জমি অধিগ্রহণ করে। তবে রেকর্ড বুকে ভুলবশত আরও ১ শতক জমি অধিগ্রহণের আওতায় দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে সংশোধনের জন্য টুকু মিয়া জেলা প্রশাসকের নিকট একটি আবেদনও করেছেন।
অধিগ্রহণের পর অবশিষ্ট ৩ শতক জমি টুকু মিয়ার দখলে ছিল। পরে ওই জমির মধ্যে প্রায় দেড় শতক জমি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাহাদাত হোসেনের কাছে বিক্রি করেন তিনি। বাকি দেড় শতক জমি টুকু মিয়ার দখলেই রয়েছে বলে জানা গেছে।
কিন্তু অভিযোগ রয়েছে, রেকর্ডের ভুল দেখিয়ে অবশিষ্ট জমির একটি অংশে শাহাদাত হোসেন জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা করছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন শ্রমিক দল নেতা আমিনুল ইসলামের ছেলে মনির হোসেন, যিনি শাহাদাত হোসেনের জামাই।
এ ঘটনায় টুকু মিয়া ইউনিয়ন পরিষদের গ্রামীণ আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, মনির হোসেন ও শাহাদাত হোসেন ওই নির্দেশ অমান্য করে পুনরায় দোকান ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যান।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এদিকে এ বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মনির হোসেন মোবাইল ফোনে সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আশায় জেলা প্রশাসক ও স্থানীয় গ্রামীণ আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেছেন।
Leave a Reply