
টঙ্গী প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে টঙ্গীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রভাত ফেরিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রভাত ফেরি শেষে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম মন্ডল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করেছে। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে ভাষা শহীদদের স্মরণ করে।
আয়োজকরা জানান, মহান শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, ভাষাপ্রেম ও মানবিক মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply