
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া দীঘিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাহ মাঠটি নামাজ আদায়ের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে মাঠটি পরিদর্শন করেছেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে নেতৃবৃন্দ মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।
পরিদর্শনকালে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন বলেন, বিগত সরকারের আমলে নানা কারণে তারা এই ঈদগাহ মাঠে এসে ঈদের নামাজ আদায় করতে পারেননি। বর্তমানে এলাকার বিশিষ্ট সমাজসেবক মোসলেহউদ্দিন মুসাকে সভাপতি এবং অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপনকে সাধারণ সম্পাদক করে নতুনভাবে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে ঈদগাহ মাঠ সংস্কারের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ঈদগাহ মাঠের পাশে একটি কবরস্থান স্থাপনেরও দাবি তোলা হয়েছে। কারণ ৪৮ নম্বর ওয়ার্ডে কোনো কবরস্থান নেই। ফলে এ এলাকায় কেউ মারা গেলে তাকে পাশের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর এলাকায় দাফন করতে হয়, যা এলাকাবাসীর জন্য কষ্টকর।
তিনি বলেন, সাবেক মেয়র এম এ মান্নান জীবিত থাকাকালে এই ঈদগাহ মাঠ সংস্কারের জন্য প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার একটি বরাদ্দ এনে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার সেই বরাদ্দ টেন্ডার প্রক্রিয়া থেকে বাতিল করে দেয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। বর্তমানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির কাছে এলাকাবাসীর প্রত্যাশা—তিনি যেন ঈদগাহ মাঠ সংস্কার এবং কবরস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, প্রতি ঈদে এ ঈদগাহ মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি জানান, মাঠের ভাঙাচোরা অংশ মেরামত, সমতলকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন।
পরিদর্শনকালে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল, কোষাধ্যক্ষ জসিম রহমান, প্রচার সম্পাদক স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply