
মো. আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-ঢাকা সীমান্তবর্তী এলাকায় পূর্বশত্রুতার জেরে চার বিঘা ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এতে অন্তত তিন থেকে চারটি পরিবারের এক বছরের খাদ্য সংস্থান হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সীমান্ত ঘেঁষা ঢাকার উত্তরখান থানার উজামপুর মৌজায় রোববার (১ মার্চ) কোনো এক সময় ধানক্ষেতে বিষ প্রয়োগ করা হয়। কয়েক দিনের মধ্যেই বিষের প্রভাবে পুরো ক্ষেতের ধানগাছ পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায়। এতে কৃষকদের কয়েক মাসের শ্রম ও আশা মুহূর্তেই নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, প্রতিবেশী লোকমান ও বায়েজিদ গংদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের দাবি, গত ১৭ বছর ধরে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার অত্যাচারে তারা নানা হয়রানির শিকার হয়ে আসছেন। বিভিন্ন মামলা ও চাপ প্রয়োগের মাধ্যমে তাদের এলাকা ছাড়া করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, এর আগেও একইভাবে গত বছর এক বিঘা জমির সবজি ক্ষেত নষ্ট করা হয়েছিল। এবারের ঘটনায় চার বিঘা ধানক্ষেত ধ্বংস হওয়ায় তাদের এক বছরের খাদ্য সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ঘটনায় বিন্দান এলাকার ফিরুজ, আবুল ও ফজলু মাতবর গং গত বছর ঢাকার আদালতে মামলা করেন এবং উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সর্বশেষ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ মার্চ মঙ্গলবার উত্তরখান থানায় আবারও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্তরা কৌশলে পূবাইল থানায় উল্টো মারধরের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের একজন বায়েজিদ বলেন, তাদের সঙ্গে বিভিন্ন মারামারি ও মামলা থাকতে পারে, তবে ধানক্ষেতে বিষ প্রয়োগের মতো ঘটনা তারা ঘটাননি।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক জানান, বাদী পক্ষের একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। সরেজমিনে তদন্তে ধানক্ষেতে বিষ প্রয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, বায়েজিদ নামে একজন মারধরের অভিযোগ দিয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। সমাধান না হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply