
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় অপহরণ, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ জাকির সিকদার (৪৭) নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের হাড়ীবাড়িরটেক এলাকার বাসিন্দা মোঃ জাকির সিকদারের সঙ্গে একই এলাকার মোঃ আলী হোসেন (৫০), পিতা-মৃত আলেক মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
লিখিত অভিযোগে জাকির সিকদার উল্লেখ করেন, গত ১৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি পূবাইল রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে মসজিদের সামনে রাস্তায় আসলে একটি প্রাইভেটকারযোগে মোঃ আলী হোসেনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন তার পথরোধ করে। এসময় তারা দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি দেখিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
পরবর্তীতে তাকে পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় একটি অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে হাত, চোখ ও মুখ বেঁধে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় অভিযুক্তরা তার কাছে মুক্তিপণ হিসেবে টাকা ও স্বর্ণালংকার দাবি করে। তিনি তা দিতে অস্বীকার করলে কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক তার কাছ থেকে ১০০ টাকার ৬টি নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে প্রধান অভিযুক্ত আলী হোসেন অপর একজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা নগদ ৩০ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) এবং আইএফআইসি ব্যাংকের ৩টি চেক (পাতা নং-১৭৬৭৯৩৮, ১৭৬৭৯৩৯, ১৭৬৭৯৪০) তে ৪০ লাখ টাকা ও সিটি ব্যাংকের ১টি চেকে ১৬ লাখ টাকা লিখিয়ে স্বাক্ষর নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তরা ভুক্তভোগী, তার স্ত্রী ও সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।
মারধরে গুরুতর আহত হলে জাকির সিকদারকে শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে চিকিৎসা নিতে হয়। তার চিকিৎসার রেজিস্ট্রেশন নম্বর ১৯৩১/৩২ (তারিখ: ১৫ মার্চ ২০২৬) বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী জানান, কিছুটা সুস্থ হয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি ১৫ মার্চ ২০২৬ তারিখে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পূবাইল থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply