
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা টঙ্গীতে রেকর্ড সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল শোডাউনের মধ্য দিয়ে শেষ হয়েছে। শোডাউনের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী এম. মনজুরুল করিম রনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর গুরুত্বপূর্ণ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো টঙ্গী এলাকা রাজনৈতিকভাবে মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকেই টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে বের হন। পরে এসব মিছিল একত্রিত হয়ে রূপ নেয় বিশাল গণমিছিল ও শোডাউনে।
ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দিতে দিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোডাউনে নেতৃত্বদানকালে এম. মনজুরুল করিম রনি বলেন, “টঙ্গীসহ গাজীপুর-২ আসনের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এই জনস্রোত প্রমাণ করে ধানের শীষের বিজয় সময়ের ব্যাপার মাত্র।” তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি নেতারা বলেন, টঙ্গীতে আজকের এই শোডাউন ছিল নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রদর্শন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলীয় নেতাকর্মীদের নতুন করে অনুপ্রাণিত করেছে।
নেতাকর্মীদের মতে, টঙ্গীতে রেকর্ড উপস্থিতির এই শোডাউন গাজীপুর-২ আসনের নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও দৃঢ় করেছে।
Leave a Reply