
টঙ্গী প্রতিনিধি: টঙ্গী পূর্ব থানার আওতাধীন সকল ওয়ার্ডে জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে টঙ্গী পূর্ব থানা ইউনিট। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানার আওতাধীন প্রতিটি ওয়ার্ডে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে তাদের মতামত ও আগ্রহের ভিত্তিতে কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বর্তমানে টঙ্গী পূর্ব থানা ছাত্রশক্তির সদস্য সচিব নাজমুল ইসলাম সরকার বলেন, “আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ছাত্রশক্তির কমিটি দিতে যাচ্ছি। সেই লক্ষ্যেই আমরা প্রত্যেক ওয়ার্ডে যাচ্ছি এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি। শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছি। খুবই দ্রুত সময়ের মধ্যে টঙ্গী পূর্ব থানার আওতাধীন শতভাগ ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ছাত্রশক্তির নেতৃবৃন্দ জানান, প্রতিটি ওয়ার্ডে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে যোগ্য ও সক্রিয় নেতৃত্ব বাছাই করে পর্যায়ক্রমে কমিটি ঘোষণা করা হবে। এর মাধ্যমে টঙ্গী পূর্ব থানার আওতাধীন সব ওয়ার্ডে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ডের কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে।
Leave a Reply