
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সরদার তহিদুল হক মিলনকে এক লাখ টাকা জরিমানা করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। একই সঙ্গে অবৈধ অংশ নিজ খরচে অপসারণের জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গীর আউচপাড়া মোল্লাবাড়ি রোডে বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক। সঙ্গে ছিলেন অথরাইজড অফিসার জোটন দেবনাথ, ইমারত পরিদর্শক এম এ মালেক সরকার, পরিদর্শক হরষিত সানা ও মমিনুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটির অনুমোদিত নকশার বাইরে নির্মাণের কারণে আশপাশের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছেন—এমন অভিযোগে ভুক্তভোগী সেলিম আহমেদ রাজু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ বাস্তবায়নে ভবনের অবৈধ অংশ অপসারণের উদ্যোগ নেয় গাউক।
অভিযান চলাকালে ভবন মালিকপক্ষ হাইকোর্টের কাছ থেকে দুই মাসের সময় চেয়ে পাওয়া আদেশের কপি কর্মকর্তাদের দেখান। বিষয়টি বিবেচনায় নিয়ে নালিশীয় অংশ ভাঙার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলেও নকশাবহির্ভূত নির্মাণের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা ও আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ অপসারণ না করলে পরবর্তী সময়ে আবারও মোবাইল কোর্ট পরিচালনা করে তা ভেঙে দেওয়া হতে পারে। এ সময় স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply