
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের বাংলাদেশ কেমন হবে—তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্বাচন ও গণভোটে সর্বাধিক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রম সফল করতে গণমাধ্যমের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের ভোট দেওয়ার অধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচনকে ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এবং সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
তিনি বলেন, নির্বাচন ও গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ সোহেল হাসান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ‘গণতন্ত্র ২০২৬’ কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি জানান, নগরীর ৫৭টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ অডিও-ভিজ্যুয়াল প্রচারণা, ডিজিটাল ও ইলেকট্রনিক ব্যানারের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রে যাতায়াতের সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে এবং ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। প্রধান অতিথি ও জেলা রিটার্নিং কর্মকর্তা সেসব প্রশ্নের উত্তর দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেন।
সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের মতবিনিময় সভা নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
Leave a Reply