
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’র ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলটি এশিয়া পাম্প এলাকা থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম এবং মুর্তুজা হাসান ফুয়াদ।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে আরও ঘোষণা দেওয়া হয় যে, ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একটি ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
গাজীপুর টঙ্গী থেকে
বশির আলম
মোবাইল -০১৯১১৪২৮১৪৭
তারিখ -১৬/০১/২৬ ইংরেজি
Leave a Reply