
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের টঙ্গীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা চলে।
মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
পিঠাপুলির মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের এলাকার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন। শত শত দর্শনার্থীর উপস্থিতিতে সারাদিন বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২০০ প্রকারের বাহারি ও ঐতিহ্যবাহী পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শন করা হয়। মেলা শেষে সেরা পিঠা প্রস্তুতকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply