
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে চলমান নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণের পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী-এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু, যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার বিপুল সংখ্যক নেতাকর্মী।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সিরাজুল ইসলাম সাথী বলেন, “২৪-এর পলাতক শক্তি দেশের ভেতরে ও বাইরে বসে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের মতো বর্তমানেও রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে।”
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা সড়কের পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং যে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply