
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্প এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও আজিজুর রহমান টিপুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে থানা যুবদলের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে যুবদল নেতা বিপ্লব খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্যসচিব মাহমুদুল হাসান রাজুসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিকেল থেকেই টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা টঙ্গী কলেজ গেট এলাকায় জড়ো হতে থাকেন। পরে সম্মিলিতভাবে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্প এলাকায় পৌঁছায়। আয়োজকদের দাবি, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃত্ব দিয়ে অংশ নেন যুবদল নেতা ফয়সাল আহমেদ পাপন, নাঈমুর রহমান নাঈম, শুভ মিয়াজী, বেলাল খান, বিপ্লব খান, রিয়াদ হোসেন, ইশতিয়াক আহমেদ জিম, হাবিবুর রহমান কানন, রাহিন আহমেদ রাজীব, আকাশ, সুশীল ও মুজিবুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে এশিয়া পাম্প এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply