
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও গার্মেন্টস কারখানার সামনে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছেন তাঁরা।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নির্দেশনায় এ অবস্থান কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।
এ কর্মসূচির অংশ হিসেবে মাজার ইউনিট বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তাঁরা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক ভূমিকা পালন করছেন বলে জানান।
অবস্থানরত নেতাকর্মীরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সম্মান রয়েছে। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো মহল যেন কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন।
তাঁরা আরও বলেন, শিল্পকারখানা সচল রাখা শুধু মালিকপক্ষের স্বার্থ নয়, এর সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবিকা এবং দেশের অর্থনীতি জড়িত। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থান অব্যাহত রাখবেন। একই সঙ্গে শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
Leave a Reply