
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাতনামা ও ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের ঘটনায় টঙ্গী ও গাজীপুরের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন তার অনুসারীরা।
নেতাকর্মীদের ভাষ্য, আরিফ হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শ, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক শৃঙ্খলাকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি তাদের।
তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিচয় গোপন করে বিভিন্ন অজ্ঞাত ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে। এতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।
নেতাকর্মীরা বলেন, রাজনীতি শুধু ক্ষমতা বা ব্যক্তিস্বার্থের বিষয় নয়; জাতীয়তাবাদী রাজনীতির মূল শক্তি হচ্ছে মানুষের প্রতি দায়বদ্ধতা, নৈতিকতা, দেশপ্রেম, মানবতা ও ত্যাগ। যারা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা তথ্য, বেনামি প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননের চেষ্টা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংগঠনিক ফোরামে উপস্থাপন করা উচিত।
এদিকে আরিফ হোসেন হাওলাদারের অনুসারীরা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অজ্ঞাত উৎসের কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করতে। একই সঙ্গে অপপ্রচারের পরিবর্তে সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিকতার পথে রাজনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
নেতাকর্মীদের প্রত্যাশা, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে ত্যাগ, সততা, মানবিকতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তাদের মতে, মানুষের ভালোবাসা ও আস্থাই একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় শক্তি। মিথ্যা অপবাদ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা দিয়ে সেই আস্থা নষ্ট করা সম্ভব নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের ওপরও গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।
Leave a Reply