
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ)।
সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সুমন, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সংশ্লিষ্ট সদস্য জনাব মোঃ সামসুল আলম, শিক্ষক প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম এবং অভিভাবক সদস্য জনাব মোঃ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ইদ্রিস শরিফ, এডহক কমিটির সাবেক সভাপতি জনাব গিয়াস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিন্নত আলী।
পরিচিতি সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। এ সময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিতভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ও আচরণের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর ও কার্যকর করার লক্ষ্যে এডহক কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা নবগঠিত এডহক কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় টঙ্গী, গাজীপুরে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হাজী মোঃ সিরাজ মাদব।
Leave a Reply