
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে গাছা থানা পুলিশ। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ভাসমান হকার, ভ্যানচালক ও অসাধু ব্যবসায়ীরা অস্থায়ী দোকান বসিয়ে ফুটপাত দখল করে রেখেছিল। অনেক ক্ষেত্রে মূল সড়কের একাংশ দখল করে ভ্যান রাখার ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ে। এতে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
বিশেষ করে অফিস সময় ও সাপ্তাহিক ছুটির দিনে যানজট ভয়াবহ আকার ধারণ করত। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ত দুর্ঘটনার ঝুঁকিও।
এ অবস্থায় সড়কটিকে যানজটমুক্ত ও চলাচল উপযোগী রাখতে সম্প্রতি গাছা থানা পুলিশের একটি বিশেষ টিম মহাসড়ক পরিদর্শন করে। অভিযানে নেতৃত্ব দেন গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মো. অহিদুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পরিদর্শনকালে তারা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং জনস্বার্থে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান বলেন, দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দখলমুক্ত অভিযান শুরু করা হয়েছে এবং এটি নিয়মিতভাবে চালু থাকবে। কোনো অবস্থাতেই জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তারা জানান, দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় রয়েছেন তারা। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে মহাসড়কের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply