
আল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।ফলে চরম বিদ্যুৎ ভোগান্তিতে আশেপাশের এলাকার মানুষ।এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি রোডের তালটিয়া নয়াবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের রাতে একটি অবৈধ ড্রাম ট্রাক ঐ সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ঢিলা করে দেয়। পরদিন সকালে আবার আরেকটি ট্রাক সেই ঢিলা তারে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটিটি ভেঙে সড়কের মাঝখানে পড়ে যায়। এসময় আশেপাশে লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে খুঁটি পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ পূবাইল জোনাল অফিসের ডিজিএম নুরুন্নবী বেলা আড়াইটার দিকে জানান, ট্রাকের সঙ্গে তারের সংঘর্ষে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত খুঁটি পরিবর্তনের কাজ চলমান রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় স্থানীয়রা বলছে পালিয়ে যাওয়া ট্রাকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা না নিলে সরকারের বিদ্যুৎ বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।
দুর্ঘটনার পর দায়ী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
Leave a Reply