
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি কথিত কমিটি সংক্রান্ত পোস্ট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় জরুরি স্পষ্টীকরণ দিয়েছেন ওয়ার্ড সচিব মো. নাহিদ পারভেজ।
স্পষ্টীকরণে তিনি জানান, গত বৃহস্পতিবার অফিস চলাকালে আউচপাড়া খা-পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ওয়ার্ড কার্যালয়ে এসে স্থানীয় একটি মসজিদের ব্যাংক হিসাব (ব্যাংক অ্যাকাউন্ট) খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরের অনুরোধ করেন। সিটি কর্পোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী মসজিদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি একটি প্যাডে স্বাক্ষর করেন।
কিন্তু পরবর্তীতে সেই স্বাক্ষরযুক্ত প্যাডকে ‘বাড়িওয়ালা কমিটি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।
ওয়ার্ড সচিব মো. নাহিদ পারভেজ বলেন, “আমি কোনো বাড়িওয়ালা কমিটির জন্য স্বাক্ষর করিনি। শুধুমাত্র মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করা হয়েছিল। সেই স্বাক্ষরের অপব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।”
তিনি আরও জানান, মিথ্যা তথ্য প্রচার এবং স্বাক্ষরের অপব্যবহারের কারণে ওই প্যাড, স্বাক্ষর এবং কথিত কমিটিকে বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওয়ার্ড সচিব ৫৪ নম্বর ওয়ার্ডবাসীকে শুধুমাত্র যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply