
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুর–বিমানবন্দর রুটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসমাপ্ত বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ লাঘবের দাবিতে গাজীপুর–২ আসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চান্দনা চৌরাস্তা ভোগড়া -বাইপাস এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হোসেন আলী।
মাওলানা মোনায়েম খানের তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর–২ আসন কমিটির পরিচালক মোঃ আফজাল হোসাইন। সঞ্চালনায় ছিলেন মহানগরের অফিস বিভাগীয় সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হোসেন আলী বলেন, “অসমাপ্ত বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাজার কোটি টাকা ব্যয় বাড়লেও দৃশ্যমান অগ্রগতি নেই। এলোমেলো নির্মাণ, ভাঙাচোরা সড়ক, দুর্ঘটনা, জলাবদ্ধতা আর যানজটে মানুষ আজ বিপর্যস্ত। এই দুর্ভোগ আর সহ্য করা যায় না।” তিনি আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গাজীপুরবাসীকে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন
মমিনুল ইসলাম, জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফকীর, যুব নেতা আব্দুল হালিম মন্ডল, মাওলানা শফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম, ড. মাহবুবুল আলম জামী, ডা. আমজাদ হোসাইন খান, ব্যবসায়ী নেতা মুহাম্মদ গোলাম মুস্তফা, যুবনেতা সোহেল পাঠান, শ্রমিক নেতা আবু নাঈম মোল্লা, মাওলানা আকরামুল ইসলাম এবং ফারদিন হাসান হাসিবসহ আরও অনেকে।
বক্তারা একযোগে দাবি জানান,দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুততম সময়ে বিআরটি প্রকল্পের কাজ পূর্ণ গতিতে শুরু করতে হবে, যাতে গাজীপুরবাসী দীর্ঘদিনের দুঃস্বপ্নের মতো দুর্ভোগ থেকে মুক্তি পায়।
Leave a Reply