
বশির আলম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ট্যাটাসে তিনি মাকে স্মরণ করে গভীর শোক, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন একদিকে দেশনেত্রী ও আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন বারবার নতুন দিশা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে তারেক রহমান লেখেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা—যিনি নিজের পুরো জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও স্মরণ করেন তিনি।
স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক সংগ্রামের পথে বেগম খালেদা জিয়াকে একাধিকবার গ্রেফতার, চিকিৎসা বঞ্চনা ও নিপীড়নের শিকার হতে হয়েছে। তবুও প্রতিকূলতার মাঝেও তিনি পরিবারের সদস্যদের মধ্যে সাহস, সহানুভূতি ও দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন।
তারেক রহমান লেখেন, দেশের জন্য তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন; ফলে দেশ ও দেশের মানুষই ছিল তাঁর প্রকৃত পরিবার। জনসেবা, ত্যাগ ও সংগ্রামে ভরা তাঁর জীবনের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply