
নিজস্ব প্রতিবেদক:
সময়ের সাহসী উচ্চারণ ও সমাজ বাস্তবতার শিল্পিত প্রকাশ নিয়ে ২০২৬ সালের পাঠকদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমানের নতুন কাব্যগ্রন্থ ‘যা রটে তা ঘটে’। সমাজের আলোচিত-অনালোচিত নানা ঘটনা ও অপ্রকাশিত বাস্তবতাকে কাব্যের ভাষায় তুলে ধরেছেন তিনি।
কবি মোঃ মশিউর রহমান বর্তমানে স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সমন্বয়ে তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন দিক নিয়ে কাজ করে আসছেন।
নতুন এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে সমাজে ভাইরাল হওয়া ঘটনা, মানুষের অজানা কিংবা আগে প্রকাশ না পাওয়া বাস্তব কাহিনির কাব্যিক রূপ। প্রতিটি কবিতায় সময়ের স্পন্দন, নীরব সত্যের উচ্চারণ এবং মানবিক বোধের গভীর আবেদন ফুটে উঠেছে। যেসব বিষয় সাধারণত আড়ালে থেকে যায়, কবির কলমে তা হয়ে উঠেছে স্পষ্ট, সংবেদনশীল ও চিন্তাশীল প্রকাশ।
সাহিত্য সংশ্লিষ্টরা মনে করছেন, ‘যা রটে তা ঘটে’ শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি সময়ের দলিল। সমাজের নান্দনিকতা ও সমালোচনামূলক দিককে একসূত্রে গেঁথে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। কবিতাগুলো পাঠককে ভাবাবে, প্রশ্ন তুলতে শিখাবে এবং চারপাশের বাস্তবতাকে নতুন দৃষ্টিতে দেখতে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, কবির পূর্ববর্তী প্রকাশনা ২০২৪ সালে প্রকাশিত ভারত-বাংলাদেশ যৌথ কবিতা সংকলন ‘বন্দিশালার পাখি’ সাহিত্যাঙ্গনে বিশেষ প্রশংসা কুড়ায়। নিয়মিতভাবে তিনি স্বতন্ত্র বার্তা সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন।
নতুন এই কাব্যগ্রন্থটি প্রকাশের পর সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সমাজের অজানা ও অপ্রকাশিত গল্পের কাব্যিক প্রতিচ্ছবি হিসেবে ‘যা রটে তা ঘটে’ পাঠকমনে স্থায়ী স্থান করে নেবে—এমনটাই বিশ্বাস সাহিত্য মহলের।
Leave a Reply