
নিজস্ব প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২১ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে স্ত্রী ফারজানা আক্তারকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফারজানা আক্তার স্বামী আশিকুল ইসলাম অনিকসহ কয়েকজনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয় এবং দাবি পূরণ না করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তিনি আইনের আশ্রয় নেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা এবং গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply