
জহিরউদ্দিন প্রিন্স ( উত্তরা প্রতিনিধি ) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা-১৮ আসনে আয়োজিত এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের ঢল নেমেছিল। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেল তিনটার পর থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ মাঠে সমবেত হতে থাকেন। পুরো মাঠ কানায় কানায় ভরে উঠলে এক পর্যায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মোনাজাতের সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন।
দোয়া মাহফিলটি আয়োজন করেন ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। মঞ্চের সামনে দুই থেকে তিন শতাধিক মাদ্রাসা ছাত্র একযোগে পবিত্র কোরআন খতম করেন। মাঠেই মুসল্লিরা আসরের নামাজ আদায় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন,
“ঢাকা-১৮ আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই সবাইকে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করতে হবে।”
আমিনুল ইসলাম খান নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জানান—প্রত্যেক নেতাকর্মীকে বাড়ি বাড়ি, পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা-১৮ আসনের বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা দেশনেত্রীর সুস্থতা কামনা করে মোনাজাতে অংশ নেন এবং জাতীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার আরও শক্তিশালী ও দীর্ঘ নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply