
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় জুলাই রেভেলসের এক সদস্যকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ (৪৬), সাইফুল ইসলাম (৩৭) ও মো. আমির হোসেন ফিরোজ (৪৭)। র্যাব জানায়, আলতাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৬টি মামলা রয়েছে।
র্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (গতকাল) রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর উত্তরা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তরা বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত জুলাই রেভেলসের প্রধান কার্যালয়ের সামনে আসামিরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়।
হামলার একপর্যায়ে মামলার প্রধান আসামি আলতাফ জুলাই রেভেলসের সদস্য ইউসুফ আলী রেদোয়ানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় অফিস ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় আহত ইউসুফ আলী রেদোয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ঠোঁটকাটা আলতাফের বিরুদ্ধে দক্ষিণখান, বিমানবন্দর, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply