
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
উচ্চ আদালতের রায়ে গাজীপুর-৬ সংসদীয় আসন বিলুপ্ত হওয়ার পর পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরে বিশাল মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে অনুষ্ঠিত মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বোর্ড বাজার ও বড়বাড়ি এলাকা প্রদক্ষিণ করে। মশাল মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে।
টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের ঐক্যের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের ব্যানারে আয়োজিত এ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্তির ফলে গাজীপুর-২ আসনের ভোটার কাঠামো, ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে এ আসনে প্রায় ৮ লাখ ভোটার রয়েছে, যার বড় অংশ টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় বসবাস করছে।
নেতাকর্মীদের অভিযোগ, এই পরিবর্তিত বাস্তবতা উপেক্ষা করে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বহাল রাখা হলে তা দলীয়ভাবে ক্ষতিকর হতে পারে। তারা বলেন, টঙ্গী-কেন্দ্রিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে এ আসনে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছে এবং অতীতেও এখান থেকেই বিএনপির জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করলে নির্বাচনে বিএনপির বিজয় সম্ভাবনা ব্যাহত হবে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ভোটার বাস্তবতা মানতে হবে’, ‘গাজীপুর-২-এ ন্যায্য মনোনয়ন চাই’ এবং ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে’—এমন নানা স্লোগান দেন।
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গাজীপুরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবদান বিবেচনায় নিয়েই পুনর্গঠিত গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি।
মশাল মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বর্তমান ভোটার বাস্তবতা ও সাংগঠনিক শক্তি বিবেচনায় নিয়ে গাজীপুর-২ আসনের মনোনয়ন পুনর্মূল্যায়ন করা হোক।
মিছিলে নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।
Leave a Reply