
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিকুনিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার, গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং পিরুজালী এলাকার মো. আলীর ছেলে রিয়াজ।
জানা যায়, গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে কৃষিজমি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতির আশঙ্কা থাকে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. বদরুজ্জামান ইমন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
Leave a Reply