
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
গুরুত্বপূর্ণ হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ সাফল্য অর্জন করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একাধিক কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।
গত ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার আনুষ্ঠানিকভাবে এসব কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। জটিল ও ক্লু-লেস মামলার সফল তদন্তে পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
বাসন থানার মামলা নং-১৪ (ধারা ৩০২/৩৪) অনুযায়ী, ২০২৫ সালের ৮ এপ্রিল সাংবাদিক আসাদুজ্জামান ভূইয়াকে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার কোনো প্রত্যক্ষ সূত্র না থাকলেও তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) দুলাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতার করা হয়।
টঙ্গীতে অজ্ঞাত লাশের ক্লু-লেস মামলা সমাধান
টঙ্গী পূর্ব থানার মামলা নং-১২ (ধারা ৩০২/২০১/৩৪) অনুযায়ী, ২০২৫ সালের ৯ এপ্রিল স্টেশন রোড এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।
সংঘবদ্ধ ডাকাতি মামলায় আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার
গাছা থানার মামলা নং-১২ (ধারা ৩৯৫/৩৯৭) অনুযায়ী, ২০২৫ সালের ১০ এপ্রিল একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
পেশাদারিত্বের স্বীকৃতি
উল্লেখিত ঘটনাগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ক্লু-লেস ও জটিল মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুরস্কৃত করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের সফল অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply