
বশির আলম ,( গাজীপুর প্রতিনিধি) : গাজীপুরের টঙ্গীতে এক ব্যক্তিকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম (৩৫) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে সাইফুল ইসলাম নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত আরিফ মাদবর (৩৭), প্রান্ত (২৫), মজিদ (৪৭), শাহাজাদা (২২), পমিজ (২৭) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তার বাসায় প্রবেশ করে। তারা জোরপূর্বক সাইফুল ইসলামকে তুলে নিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে আরিফ মাদবরের বাসার ছাদে নিয়ে যায়।
সেখানে তাকে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত মজিদ তার মোবাইল ফোন ও নগদ ৭,৩০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অন্য অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে একটি প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, নির্যাতনের সময় অভিযুক্তরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পরে তার পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মাদবর দীর্ঘদিন ধরে টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো, এমনকি নারীদের উত্ত্যক্ত করার মতো নানা অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকায় সংঘটিত অনেক ছিনতাইয়ের সঙ্গে আরিফের সংশ্লিষ্টতা রয়েছে। সে ছিনতাইকারীদের আশ্রয় দিয়ে ভাগ নিত বলেও অভিযোগ রয়েছে।
রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক
আরিফ নিজেকে যুবদলের কর্মী দাবি করলেও স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, তার কোনো সাংগঠনিক পদ নেই। বরং দলীয় পরিচয় ব্যবহার করে সে এলাকায় আধিপত্য বিস্তার করছে।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন,
“যারা কমিটিতে নেই, তাদের অপকর্মের দায় সংগঠন নেবে না। অনেকেই দলীয় নাম ভাঙিয়ে অপকর্ম করছে।”
এ বিষয় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,
“অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
এলাকাবাসী জানান টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে কথিত যুবদল নেতা আরিফ মাতবর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ও খুদে বার্তা পাঠিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply