
বশির আলম,( গাজীপুর প্রতিনিধি) :
গাজীপুর সিটি করপোরেশনের একটি কাঁচাবাজারে নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায়ের অভিযোগে চরম অস্থিরতা বিরাজ করছে। অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ক্রেতা ও ভাড়াটিয়ারা।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের মালেকের বাড়ি এলাকার কাঁচা বাজারটি একসময় ছিল জমজমাট। তবে সম্প্রতি নতুন করে ইজারা দেওয়ার পর থেকেই বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। বাজারটির এক বছরের ইজারা ৪৫ লাখ টাকায় পান মোগরখাল এলাকার হাবিবুল্লাহ বেলালী।
ব্যবসায়ীদের অভিযোগ, সিটি করপোরেশনের নির্ধারিত টোল চার্ট অনুযায়ী মাছ মহল থেকে সর্বোচ্চ ৩০ টাকা নেওয়ার কথা থাকলেও, ইজারাদার পক্ষ তা মানছে না। বরং কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে—তাও আবার রশিদ ছাড়াই। এ পরিস্থিতিতে বিশেষ করে মাছ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকেই বাধ্য হয়ে দোকান বন্ধ রেখেছেন।
প্রতিবাদস্বরূপ বাজারের প্রায় ৭০ জন ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বাজারে ক্রেতা উপস্থিতি কমে গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও ব্যাঘাত ঘটছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
একাধিক ব্যবসায়ী জানান, “আমরা নিয়ম অনুযায়ী টোল দিতে প্রস্তুত। কিন্তু অতিরিক্ত টাকা এবং রশিদ ছাড়া আদায় মেনে নেওয়া সম্ভব নয়। বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।”
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদার হাবিবুল্লাহ বেলালী। তিনি দাবি করেন, ব্যবসায়ীরাই অনিয়ম করছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে দ্রুত সমাধান না হলে বাজারের স্বাভাবিক কার্যক্রমে ফেরা অনিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে স্থানীয়দের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply