
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম মেট্রো থানা আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, মানবতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অনন্য শিক্ষা বহন করে।
তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহকে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রেরণা দেয়। সেই আদর্শ ধারণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
প্রভাষক বশির উদ্দিন আরও বলেন, বর্তমান সমাজে বৈষম্য, অবিচার ও মানবিক সংকট দূর করতে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। কুরবানির মাধ্যমে ধনী-গরিবের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।
শুভেচ্ছা বার্তায় তিনি পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, চামড়া ও নাড়িভুঁড়িসহ অন্যান্য বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে মাটি চাপা দিতে হবে এবং মাংস বিতরণ বা বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ও পাত্র ব্যবহার করতে হবে। এতে নগরীর পরিবেশ সুরক্ষিত থাকবে এবং ইসলামের পরিচ্ছন্নতা ও মানবকল্যাণের শিক্ষাও বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, ঈদুল আযহার শিক্ষা মানুষকে ভোগবাদ নয়, বরং ত্যাগ ও মানবসেবার পথে পরিচালিত করে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে ঈদের আনন্দে শামিল করাই হওয়া উচিত সবার অঙ্গীকার।
শেষে তিনি দেশবাসী, বিশেষ করে গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র। ঈদ মোবারক ★★★
Leave a Reply