
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টায় গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় এলাকাবাসী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, সকাল থেকে প্রবল ঝড়-বৃষ্টি চললেও নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের আসামি করা হয়েছে।
যাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়, তারা হলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মণ্ডল, মো. কাজী দাউদ এবং মো. আলমগীর পাঠান।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব নেতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
এ সময় বক্তারা আরও দাবি করেন, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখা হোক। তাদের বক্তব্য, দলের তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাকে ঘিরে ষড়যন্ত্র চলছে।
প্রতিবাদ সভায় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি কিংবা মিথ্যা মামলার শিকার না হন, তা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
Leave a Reply