
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর পৃথক হামলার ঘটনার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর রথখোলা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিরোধী প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি দেখাতে এসব হামলা চালানো হচ্ছে।
বক্তারা অবিলম্বে শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলটি রথখোলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
Leave a Reply